দুপুরের টানা ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। নিচু এলাকাগুলোতে পানি জমে সাধারণ মানুষ ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুরের দিকে তা মুষলধারে রূপ নেয়, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। জানা গেছে, প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এতে করে দ্রুত পানি নামতে না পেরে সড়কজুড়ে জমে যাচ্ছে। একইভাবে রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকাতেও পানি জমে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
প্রবর্তক মোড়ে আটকে পড়া পথচারী আবির ইসলাম জানান, জমে থাকা পানির কারণে স্বাভাবিকভাবে চলাচল করা যাচ্ছে না। এমনকি রিকশাভাড়াও বেড়ে গেছে—৩০ টাকার ভাড়া এখন ৫০ থেকে ৬০ টাকা নেওয়া হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর বৃষ্টির তীব্রতা বাড়ায় জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, প্রবর্তক এলাকার পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ চলমান থাকায় সাময়িকভাবে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন