জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ দেশের নতুন প্রজন্ম বা জেন-জি’র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দিয়েছেন। রোববার (২৯ মার্চ) সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের একটি বড় অংশ এখন ১৯৭২ সালের সংবিধানকে বর্তমান বাস্তবতায় আর উপযুক্ত মনে করছে না। তার দাবি অনুযায়ী, জেন-জি প্রজন্ম রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর জন্ম নেওয়া এই প্রজন্ম ভোটাধিকার প্রয়োগে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে বলে মনে করে এবং এর ব্যাখ্যা চায়। তাদের মতে, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র গঠন, যা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
আলোচনায় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী রাজনৈতিক ধারা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে অতীতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নিজ নির্বাচনী এলাকায় হামলার অভিজ্ঞতার কথাও তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় ও পরবর্তী সময়ে একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন, যার কিছু ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি অপরাধ ও সহিংসতা দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি একটি ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় ভুক্তভোগীর ন্যায়বিচার না পাওয়ার বিষয়টি নিয়েও মন্তব্য করেন।
শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান, দেশে সন্ত্রাস, সহিংসতা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন