চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রথম দিনেই বড় ধরনের বিতরণ জটিলতা দেখা দিয়েছে। ১১০টি বিদ্যালয়ে কর্মসূচি শুরু হলেও প্রায় ৪০টি বিদ্যালয়ে নির্ধারিত খাবার পৌঁছায়নি। রোববার (২৯ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। তবে দিনভর বহু বিদ্যালয়ে শিক্ষার্থীরা খাবার পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষকদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৯টার মধ্যে খাবার পৌঁছানোর কথা থাকলেও অনেক বিদ্যালয়ে বিকেল ৪টা পর্যন্তও তা পৌঁছায়নি। ফলে শিক্ষার্থীরা টিফিন না এনেই স্কুলে এসে ক্ষুধার সমস্যায় পড়ে। কয়েকজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া নম্বরে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি শিক্ষা অফিসকে জানানো হয়।
খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশপল্লী’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ নাহিদ বলেন, পরিবহন সংকট, গ্যাসের সমস্যা এবং মাঝপথে যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে সব স্কুলে সময়মতো খাবার পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, এটি প্রথম দিনের সমস্যা, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আনোয়ারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হিন্দুল বারী জানান, বিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, আনোয়ারা উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এই ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার যেমন বিস্কুট, দুধ, বন রুটি, ডিম ও মৌসুমি ফল সরবরাহের কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন