নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। এতে জেনারেটর, সোলার ব্যাটারি, সিলিং ফ্যান, চিকিৎসা সরঞ্জাম এবং বিপুল পরিমাণ সরকারি ওষুধ লুট হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দৈনিক ইত্তেফাকের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার (২৯ মার্চ) সকালে বিষয়টি প্রথম জানতে পারেন স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ। তিনি জানান, শনিবার বিকেলে কাজ শেষে কেন্দ্রটি তালাবদ্ধ করে তিনি বাড়ি যান। পরদিন সকালে এসে প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং ভেতরের আলমারি ও ড্রয়ার তছনছ অবস্থায় দেখতে পান।
ভেতরে গিয়ে দেখা যায় একটি জেনারেটর, সোলার সিস্টেমের ব্যাটারি, কয়েকটি সিলিং ফ্যান, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং সরকারি ওষুধসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নেই। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকীর আহমেদ জানান, চুরি হওয়া মালামালের তালিকা তৈরি করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতিও চলছে।
অন্যদিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনাটি সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, খালিয়াজুরী থানা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন