কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। এর আগে শুক্রবার সন্ধ্যায় দাঁতভাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের এক ওয়ার্ড বিএনপি সভাপতির বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে রাখা হয়েছিল। পরে তা বাজারে বেশি দামে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন না। পরে পরিবারের একজন সদস্য জরিমানার অর্থ পরিশোধ করেন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যক্তিগত মোটরসাইকেলের ব্যবহারের জন্য সামান্য জ্বালানি রাখা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে বেশি দামে পেট্রোল বিক্রির কার্যক্রম চলছিল। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সাংগঠনিকভাবে সতর্ক করার কথা বলা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন