কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান বাহিনী। এ ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, ভোর ৪টার দিকে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা মাছ ধরার উদ্দেশ্যে নদীর মোহনায় যায়। পরে সকাল ৭টার দিকে স্পিডবোটে করে এসে সশস্ত্র সদস্যরা কয়েকটি নৌকাকে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে তুলে নিয়ে যায়। আটক জেলেরা সবাই শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া ও ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর বিষয়টি সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। এতে জেলে ও নৌকার মালিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই পরিস্থিতির কারণে নাফ নদী ও সাগরে মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এমন অবস্থা চলতে থাকলে জেলেদের জীবিকা বড় সংকটে পড়বে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক জেলেদের ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয় জেলে সমিতির তথ্য অনুযায়ী, গত দেড় বছরে অন্তত ৪০০ জেলেকে বিভিন্ন সময় সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই ফিরে এলেও এখনো বহু জেলে ও ট্রলার রাখাইন অঞ্চলে আটক রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন