পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, তরুণদের বারবার রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং সমাজে অস্থিরতা তৈরি হয়। শুক্রবার বিকেলে আরএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গড়তে সবাইকে আইন মেনে চলতে হবে। নাগরিকদের দায়িত্বশীল আচরণ করা জরুরি।
আইজিপি আরও বলেন, সমাজে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। পাশাপাশি অর্থপাচারের কারণে ব্যাংকিং খাতে চাপ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, তরুণদের মধ্যে মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনক। এ বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। আইজিপি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজনেও সহায়তা করেছে।
তিনি আরও বলেন, ঢাকাসহ সব বিভাগীয় শহরকে স্মার্ট ও নিরাপদ নগরীতে রূপান্তরের পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে এবং সেই কাজ চলমান রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন