ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও সহযোগী আলমগীর শেখকে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে। সোমবার রাতেই তাদের কলকাতা থেকে বিমানে করে দিল্লিতে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের এনআইএ-র বিশেষ আদালতে তোলা হবে। এর আগে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত ২২ মার্চ এই দুই অভিযুক্তকে এনআইএ-র জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল। তবে দমদম কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা শঙ্কা থাকায় তাদের সেখানে নেওয়া হয়নি।
ফয়সাল ও আলমগীরের বিরুদ্ধে ভারতের সন্ত্রাসবিরোধী আইন ‘আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট’ বা ইউএপিএ-এর ১৬ ও ১৮ ধারায় মামলা রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও সহায়তায় জড়িত ছিলেন। অপরাধ প্রমাণিত হলে সর্বনিম্ন ৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ফয়সাল করিম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি হত্যাকাণ্ডে জড়িত নন এবং তাকে ফাঁসানো হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্সের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয় আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। তাদের বনগাঁ থেকে ৭ ও ৮ মার্চ গ্রেপ্তার করা হয়। এছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন