ঢাকা | |

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা যশোরের দুই মহাসড়কে

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব সড়কে
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৯ সময়
ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা যশোরের দুই মহাসড়কে

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ মহাসড়কে যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব সড়কে ধীরগতিতে যান চলাচল এবং মাঝেমধ্যে যানজটের চিত্র দেখা যাচ্ছে, যা ঈদের সময় আরও তীব্র হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ বাজার, থ্রি-হুইলারসহ ধীরগতির যানবাহনের অবাধ চলাচল এবং চলমান নির্মাণকাজের কারণে সড়কে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে গত ডিসেম্বর থেকে ঢালাই কাজ চলছে। নির্মাণকাজের কারণে সড়কের এক পাশ খোঁড়া থাকায় অপর পাশ দিয়ে দুই দিকের যান চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই সেখানে যানজট তৈরি হচ্ছে।


অন্যদিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের অবস্থা আরও খারাপ বলে জানিয়েছেন স্থানীয়রা। সড়কটিকে ছয় লেনে উন্নীত করার কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, অনেক জায়গায় পিচ উঠে গেছে এবং রাস্তার ভিত্তিও দুর্বল হয়ে পড়েছে। প্রায় ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত বিস্তৃত এবং খুলনা অঞ্চলের সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, পিকআপসহ নানা ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। তাই ঈদযাত্রার সময় এই মহাসড়কে চরম ভোগান্তির আশঙ্কা করছেন এলাকাবাসী। যশোর-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক সালাম হোসেন বলেন, রাস্তার গর্তে পড়ে প্রায়ই গাড়ির স্প্রিংসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করতে হচ্ছে, ফলে সময়মতো মালামাল পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে।


স্থানীয় বাসিন্দা রিপন মিয়া জানান, প্রায় প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। বর্ষাকালে গর্তে পানি জমে সড়ক আরও বিপজ্জনক হয়ে ওঠে, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। তবে যশোর-বেনাপোল, যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা ও যশোর-নড়াইল মহাসড়কে বড় ধরনের গর্ত বা নির্মাণকাজ না থাকায় ঈদযাত্রায় এসব সড়কে তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে যশোর সড়ক ও জনপথ বিভাগ।


যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া অংশে ঢালাই কাজ চলমান থাকায় ঈদের আগে কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। একইভাবে যশোর-ঝিনাইদহ মহাসড়কের অবস্থাও নাজুক এবং সেখানে সংস্কারকাজ চলায় ঈদের সময় যানজটের সম্ভাবনা রয়েছে। তবে জেলার অন্যান্য মহাসড়কে বড় ধরনের সমস্যা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে