রাজধানীর খিলক্ষেত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। রোববার ১৫ মার্চ বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন রাজীব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং ফরিদ জামান ওরফে কালু মিয়া (৬৪)। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর একটি কর্মীদল খাঁপাড়া মন্দিরের পাশে বিদ্যুতের কাজ করছিল। বিকেলে তারা একটি ক্রেন ব্যবহার করে বড় আকারের তারের রোল ওপরে তোলার চেষ্টা করছিল।
এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির লাইনের সঙ্গে ওই তারের রোল স্পর্শ করলে সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। ফলে ঘটনাস্থলে থাকা পাঁচজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায় এবং ফরিদ জামানের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় গ্রামে।
ঘটনার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন