ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রকে যথাযথ সহায়তা না করে, তাহলে ন্যাটোর সামনে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে মিত্ররা যদি সহযোগিতা না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে।
মিত্রদের সমালোচনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্যদের প্রতি উদার ছিল। তার ভাষায়, ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকা সত্ত্বেও ওয়াশিংটন তাদের সহায়তা করেছে, যদিও তা যুক্তরাষ্ট্রের সরাসরি প্রয়োজন ছিল না। তিনি আরও বলেন, এখন সময় এসেছে মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায় কি না তা দেখার। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যকে সাধারণত যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের মিত্র হিসেবে ধরা হয়। কিন্তু ইরান ইস্যুতে সাহায্যের আহ্বান জানানো হলে তারা প্রত্যাশিতভাবে এগিয়ে আসেনি।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র যখন ইরানের বিপজ্জনক সামরিক সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নেয়, তখন পরে যুক্তরাজ্য দুটি যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানায়। তবে তখন তিনি মন্তব্য করেন, যুদ্ধ জয়ের পর নয়, বরং আগে সেই সহায়তা প্রয়োজন ছিল। এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক চাপ বাড়াতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকও পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এই মাসের শেষ দিকে নির্ধারিত ওই বৈঠক স্থগিত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন