মেহেরপুরে মেজো ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান কারাবন্দি ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। শনিবার (১৪ মার্চ) রাত ১০টায় মেহেরপুর শহরের ড. শহীদ শামসুজ্জোহা পার্ক প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এদিন জেলা কারাগারে বন্দি থাকা মৃদুলকে প্যারোলে মুক্তি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় জানাজাস্থলে আনা হয়। তার হাতে হাতকড়া লাগানো ছিল, যা উপস্থিত স্বজন ও স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল শনিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সাবেক সংসদ সদস্য ছহিউদ্দিন বিশ্বাসের মেজো ছেলে এবং সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের মেজো ভাই। বর্তমানে সাবেক এই মন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। অন্যদিকে, নাশকতার মামলায় মেহেরপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল। ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুমোদন করে।
রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় তাকে জানাজাস্থলে আনা হয়। হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় তার উপস্থিতি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। জানাজা শুরুর আগে পরিবারের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মরহুমের স্মৃতিচারণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পর সরফরাজ হোসেন মৃদুলকে পুনরায় জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন