বাংলাদেশের জ্বালানি ঘাটতি মোকাবিলায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে পৃথক বৈঠকের পর দুই দেশের রাষ্ট্রদূতরা এই বিষয়ে ইতিবাচক বার্তা দেন। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ ও চীন ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে চীন প্রয়োজনীয় জ্বালানি সহায়তা দিতে আগ্রহী এবং এ বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে।
এর আগে রবিবার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। বৈঠকে বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির বিষয়টি আলোচনায় আসে। চুক্তির আওতায় চলতি বছরে ইতিমধ্যে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ও দিল্লির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে।
এ ছাড়া বিদ্যমান চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ঐচ্ছিক ডিজেল সরবরাহের সুযোগ থেকেও জ্বালানি সংগ্রহের বিষয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত ও চীনের এই সহযোগিতা জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন