রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টির বিস্তারিত তুলে ধরে ডিএমপি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল তুলে সংগ্রহ করত। পরে সেগুলো রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীর কাছে ৫ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করা হতো। ওই শিক্ষার্থীরা হোস্টেলের কক্ষে কেমিকেল দিয়ে কঙ্কাল প্রসেস করে ফেসবুকের একটি প্রাইভেট গ্রুপে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকায় একজন ব্যক্তি কবরস্থান থেকে সংগ্রহ করা মানব কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। রোববার দিবাগত রাত প্রায় পৌনে দুইটার দিকে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। সৌমিকের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁও কলেজের সামনে অভিযান চালিয়ে মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন দুপুরে উত্তরা পশ্চিম থানাধীন উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছ থেকে ৪৪টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্র দেশের বিভিন্ন কবরস্থান থেকে গোপনে কবর খুঁড়ে মানব কঙ্কাল চুরি করে সেগুলো চড়া দামে বিক্রি করত। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। আর আসাদুল মুন্সী ওরফে জসিমের বিরুদ্ধে রয়েছে দুটি মামলা।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন