রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ‘এলএ প্লাজা’ নামে একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ভবনের ভেতরে আটকে পড়া ২৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তি হাসপাতালে মারা যান। সোমবার (৯ মার্চ) দুপুরে ভবনটির তৃতীয় তলায় থাকা একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, আগুন লাগার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিস টিটিএল (টার্ন টেবিল ল্যাডার) ব্যবহার করে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানের সময় ভবনের চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মিরপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, নিহত পুরুষের নাম রাকিব হাসান। তবে নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন