রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। সেকান্দার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রাজধানীর রামপুরার ওলনবাজার এলাকায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাহজাহানপুরের ভাঙারি গলিতে তার দুটি অটোরিকশা ছিল।
স্বজনদের দাবি, সোমবার রাত প্রায় ১১টার দিকে শান্তিবাগের ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, তার শালা হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও সেকান্দার তাদের মাদক কার্যক্রমে বাধা দিয়েছিলেন। সেই বিরোধের জেরেই তারা তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি স্বজনদের।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করছে শাহজাহানপুর থানা-পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন