মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে দুই বছর আগেই পূর্বাভাস দিয়েছিলেন চীনের এক অধ্যাপক। সেই পুরোনো বক্তব্য এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। বেইজিংয়ে দর্শন ও ইতিহাসের অধ্যাপক জুয়েকিন জিয়াং ২০২৪ সালের মে মাসে দেওয়া এক বক্তৃতায় বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং পরবর্তীতে ভূরাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারেন।
নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই বক্তৃতায় তিনি এই দুটি সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় সেই ভিডিও আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। জিয়াং মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে মোট তিনটি পূর্বাভাস দিয়েছিলেন। এর মধ্যে দুটি ইতোমধ্যে বাস্তবতার সঙ্গে মিলেছে বলে অনেকেই মনে করছেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলেও উল্লেখ করছেন। তবে তার তৃতীয় পূর্বাভাসটি আরও বিতর্ক তৈরি করেছে। সেখানে তিনি দাবি করেছিলেন, এই সংঘাতের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরাজিত হতে পারে এবং দেশটি বড় ধরনের সংকটে পড়বে।
জিয়াংয়ের মতে, ইতিহাসের চক্র, অতীতের ঘটনা এবং ভূরাজনৈতিক বিশ্লেষণ ব্যবহার করে ভবিষ্যতের বৈশ্বিক প্রবণতা অনুমান করাই ‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ভবিষ্যদ্বাণীমূলক ইতিহাসের মূল ধারণা। সম্প্রতি ‘ব্রেকিং পয়েন্টস’ নামে একটি সংবাদ ধারাবাহিকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হয় ইরান এই সংঘাতে কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য ইরান দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছে।
জিয়াং আরও সতর্ক করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জড়িয়ে পড়তে পারে এবং তা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন