ঢাকা ওয়াসার সদ্য পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিজীবন শুরু করেন। অভিযোগ রয়েছে, চাকরির সময় বিভিন্ন উৎস থেকে অর্জিত অবৈধ অর্থ বিদেশে পাচার করে তিনি নিজের, স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ কানাডার টরন্টো শহরে নিজের এবং স্ত্রী মাহবুবুন্নেছার নামে একটি বাড়ি কিনেছিলেন তিনি। স্থানীয় ভূমি নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বাড়ির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। এর আগে বিভিন্ন গণমাধ্যমেও কানাডায় তার পরিবারের বিপুল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছিল। সিআইডি জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুসন্ধান শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার ‘বেগমপাড়া’ এলাকায় তার স্ত্রীর নামে বাড়ি থাকার বিষয়টি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর তাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এমনকি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে তিনি অংশ নিতে পারেননি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন