রাজধানীর শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটি রিকশায় আনা মাইকে ওই ভাষণ বাজানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক। তাকে ব্যবহার করে পরে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির জনক—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। ঘটনার পর ইমির গ্রুপের দুই সদস্যকে ছাত্রশক্তির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তাদের থানায় নেওয়ার সময় রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভেতরেই ইমির দলের সদস্যদের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
ঢাকা মহানগর পুলিশের ডিসি মাসুদ বলেন, ঘটনাকে কেন্দ্র করে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন