এশিয়ান কাপে হার দিয়ে শুরু হলেও বাংলাদেশের নারী ফুটবল দল পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়ছে। বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও পুরো ম্যাচে লড়াই করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই পারফরম্যান্সে বাংলাদেশের শক্তি সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার (৫ মার্চ) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ রি সন হো বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করেন। এবারের এশিয়ান কাপে অংশ নেওয়া ১২ দলের মধ্যে ফিফা র্যাংকিংয়ে সেরা অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। বিশ্ব র্যাংকিংয়ে তারা সপ্তম, যেখানে বাংলাদেশ রয়েছে ১১২ নম্বরে। তবুও বাংলাদেশ দলের খেলা তাকে মুগ্ধ করেছে।
রি সন হো বলেন, চীন ও বাংলাদেশের ম্যাচ তিনি মনোযোগ দিয়ে দেখেছেন। তার মতে, বাংলাদেশ দল প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিশেষ করে রক্ষণ থেকে দ্রুত আক্রমণে ওঠার দক্ষতা এবং আক্রমণভাগের গতি তাকে ভাবাচ্ছে। তিনি জানান, বাংলাদেশের দ্রুতগতির ফুটবলের কারণে পরবর্তী ম্যাচে তাদের রক্ষণভাগকে আরও সতর্ক থাকতে হবে, যেন বাংলাদেশ গোল করার সুযোগ না পায়।
বাংলাদেশের আক্রমণভাগের তিন খেলোয়াড়কে বিশেষভাবে বিপজ্জনক মনে করছেন উত্তর কোরিয়ার কোচ। তাদের মধ্যে ১৭ নম্বর জার্সিধারী ঋতুপর্ণা চাকমার কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি। কোচের ভাষায়, বাম প্রান্ত দিয়ে তার দ্রুতগতির আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের খেলোয়াড়দের গতি আক্রমণ ও রক্ষণ দুই দিকেই শক্তিশালী। তাই পরবর্তী ম্যাচে তাদের থামাতে উত্তর কোরিয়ার ডিফেন্সকে বাড়তি সতর্ক থাকতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন