ফরিদপুরে ইকবাল শেখ (৪৮) নামের এক ব্যক্তির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার গলা ও দুই পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। হামলার পর পালাতে গিয়ে অভিযুক্ত জিয়া মন্ডল (৫০) স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন। বুধবার (৪ মার্চ) রাতে জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডলের হাট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইকবাল শেখকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আহত ইকবাল শেখ ওই ইউনিয়নের ওয়েজউদ্দীন ফকিরের ডাঙ্গী গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। অপরদিকে গণপিটুনির শিকার জিয়া মন্ডল পার্শ্ববর্তী আলিমউদ্দিনের ডাঙ্গী গ্রামের ওয়াহিদ মন্ডলের ছেলে। বর্তমানে পুলিশি পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে তার চিকিৎসা চলছে। স্থানীয়দের দাবি, জিয়া মন্ডল এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। মাদক কারবার নিয়ে ইকবালের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল এবং কয়েকদিন ধরে তাকে হুমকিও দেওয়া হচ্ছিল।
ঘটনার রাতে একটি বাগানের মধ্যে ইকবালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় জিয়া মন্ডলসহ দুজন মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে জিয়ার পা ভেঙে যায় এবং ক্ষুব্ধ জনতা তাকে ধরে মারধর করে। তবে অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। আহতের ভাই রফিক শেখ জানান, তার ভাইয়ের অবস্থা গুরুতর এবং প্রচুর রক্ত দিতে হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন