মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত নাগরিক ও দর্শনার্থীদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরিস্থিতির অবনতি হলে ভিসার এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ বাড়ানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার বা আলাদা আবেদন করার প্রয়োজন নেই। তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত সময় পর্যন্ত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর তাদের ভিসাও বাড়ানো হবে এবং নতুন মেয়াদে কোনো ফি প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কাতারে বসবাসরত ও ভ্রমণরত বিদেশিদের আইনি অবস্থান স্থিতিশীল রাখতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সব মিলিয়ে, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত বিদেশিদের জন্য স্বস্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন