ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ রবিবার দুপুরে (৯ নভেম্বর) টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে নারী নেত্রীদের একটি দল।
ফুলবাড়িয়া উপজেলা সদরে শত শত নারীর অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের ফুল্লরা চত্বরে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনও করা হয়। মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা তৃণমূলের সাধারণ জনগণের ব্যানারে এই প্রতিবাদ করেন।
তারা বিএনপির ঘোষিত প্রার্থী আখতারুল আলম ফারুকের মনোনয়ন বাতিলের দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই ফুলবাড়িয়ায় এ ধরনের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নারী নেত্রী শিরিন আক্তার, রিনা বেগম ও উম্মে কুলছুমসহ অনেকে।
তারা বলেন, ‘জনবিচ্ছিন্ন আখতারুল আলমের মনোনয়ন পরিবর্তন করতে হবে। তাকে মনোনয়ন দেওয়ার ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রতিদিন শত শত মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে।’
নারী নেত্রীরা আরো বলেন, ‘দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের ফুলবাড়িয়া আসনে মনোনয়ন দেওয়া উচিত।
কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার বিএনপির দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন, রাজপথে আন্দোলন করেছেন এবং একাধিকবার কারাগারে বন্দি হয়েছেন। তাকে মনোনয়ন দিলে এই আসনটি সহজেই জয়ী হবে।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন