পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষের ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। রোববার ২৯ নভেম্বর দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংঘর্ষটি অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব থেকে হয়ে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর অনেক মানুষ পদ্মা সেতু এলাকায় এসে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। তাদের মধ্যে অন্তঃকলহ বা সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। তিনি দুইজনের প্রাণহানির কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ থেকেই এই হতাহতের ঘটনা ঘটে। রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন। তার বয়স ৩০ বছর এবং তিনি শরীয়তপুর সদর এলাকার বাসিন্দা।
এ ছাড়া সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নিজামউদ্দিন মৃধা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ৪০ বছর বয়সী নিজামউদ্দিন মৃধা মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাকে দলের কর্মী বলে জানিয়েছেন। ঘটনাটির প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা জড়িত ছিল, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন