উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপটি অবস্থান করায় দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালেই দেশের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট অঞ্চলে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, 'উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় এটি দেশের উপর মৌসুমী বায়ুকে আরও সক্রিয় করেছে। ফলে আজ ও আগামীকাল সারাদেশেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।’
এ অবস্থায় নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে না যেতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই লঘুচাপের কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং দিনের তাপদাহ কম অনুভূত হবে।
পূর্বাভাস অনুযায়ী আজকের ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। সিলেট ও ময়মনসিংহে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন