আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হিসেবে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী মামুন।
চৌধুরী আল মামুন বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
সাবেক আইজিপি জানান, সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলেন এবং তার সঙ্গে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন। নির্দেশনার বিষয়টি জানানোর পর প্রলয় কুমার ডিএমপি কমিশনারসহ সারা দেশের পুলিশ কর্মকর্তাদের কাছে এ বার্তা পৌঁছে দেন। এরপর থেকেই আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু হয়।
জবানবন্দিতে মামুন আরও বলেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ফজলে নূর তাপস, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আযম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য প্ররোচিত করেছিলেন।
জবানবন্দির এক পর্যায়ে তিনি আন্দোলনে নিহত ও আহতদের পরিবার এবং দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
উল্লেখ্য, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করা হয়েছে। ইতোমধ্যে ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার সাবেক আইজিপি মামুন ৩৬তম সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন