চাঁপাইনবাবগঞ্জে আদালতে জামিন নিতে আসা দুই আওয়ামী লীগ নেতার ওপর ডিম ছোড়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা জামিন চাইতে আসার আগে আদালত চত্বরে জড়ো হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান থাকেন। ওই মুহূর্তেই ডিম ছোড়ার ঘটনা ঘটে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী জামিন নিতে এলে এই ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, ২০১৫ সালে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। বুধবার তারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে।
এদিকে দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা আদালতের বারান্দায় বিভিন্ন স্লোগান দেন। আদালত থেকে বের হওয়ার সময় শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। পরে দুই আওয়ামী লীগ নেতাকে নিয়ে যায় পুলিশ।
আসামি পক্ষের আইনজীবী গোলাম কবীর বলেন, আদালতে এমন ঘটনা অনাকাঙ্খিত। এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা।
ডিম ছোড়ার অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, আসামিদের যেন জামিন দেওয়া না হয় সেই দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে রুহুল আমীন ও গোলাম রব্বানীকে পুলিশ নিয়ে এসেছে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শিবিরের দাবি, ২০১৫ সালের ২৬ জানুয়ারি আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব। পরে বাহিনীটির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার মৃত্যু দাবি করা হয়।
ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে দুই ও তিন নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমীন।
অপরদিকে, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাচলের যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ ছয় জনকে আটক করেছে গোমস্তাপুর শিবগঞ্জ ও নাচোল থানা পুলিশ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন