২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্র ও জনতার আন্দোলনের সময় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন– এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলার অভিযোগগুলোর মধ্যে রয়েছে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতন ও ষড়যন্ত্রসহ একাধিক মানবতাবিরোধী অপরাধ।
মামলার তিনজন আসামির মধ্যে মাত্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়েছেন, এবং প্রসিকিউশন জানিয়েছে, তিনি নিজের অপরাধ স্বীকার করে রাজস্বাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে। ট্রাইব্যুনালের পূর্ব নির্দেশনা অনুযায়ী, গত ১৬ জুন তাদের নামে দুইটি জাতীয় দৈনিকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা হাজির হননি।
ফলে ট্রাইব্যুনাল গত ১ জুলাই অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করে এবং সেই শুনানি শেষে আজ অভিযোগ গঠনের আদেশ দেয়।
এদিন ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সরকারি টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়, যা বাংলাদেশে নজিরবিহীন এক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
এই অভিযোগ গঠনের মাধ্যমে “জুলাই গণহত্যা মামলা” নামে পরিচিত মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন