বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব প্রদান ও শপথ গ্রহণের দাবিতে তার অনুসারীরা টানা সাতদিন ধরে আন্দোলনে রয়েছেন। নগর ভবনের সামনে চলমান এ কর্মসূচি বুধবার (২১ মে) স্থানান্তরিত হয়েছে রাজধানীর মৎস্য ভবনের সামনে।
সকাল থেকেই হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব ও শিক্ষা ভবনের আশপাশে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। পরে তারা সম্মিলিতভাবে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
অন্যদিকে নগর ভবনের সামনের সড়কে এদিন কর্মীদের উপস্থিতি দেখা যায়নি, এমনকি অস্থায়ী মঞ্চও সরিয়ে ফেলা হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বুধবার দুপুর ১২টায় আদালতের রিটের আদেশ প্রত্যাশিত। ইশরাককে শপথের সুযোগ না দিলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
এর আগে মঙ্গলবার আন্দোলনের মঞ্চ থেকে সাবেক সচিব মশিউর রহমান জানান, “আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এরমধ্যে সিদ্ধান্ত না এলে আরও কঠোর আন্দোলনে যাব।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং দায়িত্ব পালন করতে থাকেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন ভোট অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মামলা দায়ের করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়রদের অপসারণ করে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। পরে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
তবে এরপরই ওই রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করা হয় এবং শপথ গ্রহণে বাধা চেয়ে নোটিশ দেওয়া হয়। বর্তমানে আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা।
ইশরাকপন্থীদের দাবি, রায়ের পর গেজেট প্রকাশিত হলেও এখনো তাকে শপথ নিতে না দেওয়ার পেছনে রাজনৈতিক বাধা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন