ঢাকা | |

বাতাসের মান যাচাইয়ে ডিএনসিসির ২৫টি নতুন ডিভাইস

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার জনবহুল ২৫টি স্থানে বাতাসের মান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র বসানোর পরিকল্পনা নিয়েছে
  • আপলোড সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৫, বিকাল ৫:৪১ সময়
বাতাসের মান যাচাইয়ে ডিএনসিসির ২৫টি নতুন ডিভাইস ছবি : সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার জনবহুল ২৫টি স্থানে বাতাসের মান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র বসানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৫ মে) গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, “ব্লুমবার্গের সহযোগিতায় এই প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে করে নগরবাসী স্বচ্ছ ও বাসযোগ্য পরিবেশ পেতে পারে।”

পরিবেশ উন্নয়নে গাছ লাগানোর ওপর জোর দিয়ে প্রশাসক জানান, উদ্ভিদবিদদের সহায়তায় ডিএনসিসির বিভিন্ন এলাকা এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে ডিএনসিসির ইনোভেশন ল্যাবে সংগৃহীত গবেষণালব্ধ তথ্যগুলো যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভাগাভাগি করা যায়, তাহলে নগর পরিকল্পনায় আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

পাবলিক প্লেসের স্বল্পতা ও নগরের পরিবেশগত দুরবস্থার বিষয়ে হতাশা প্রকাশ করে ডিএনসিসি প্রশাসক বলেন, “এই শহরে যতটুকু পাবলিক স্পেস থাকার কথা ছিল, বাস্তবে তার এক-তৃতীয়াংশও নেই। জলাশয়গুলোর অবস্থাও ভয়াবহ, ছায়া নেই অধিকাংশ উন্মুক্ত স্থানে। এসব সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিচ্ছি এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে তাপদাহ, বায়ুদূষণ ও পরিবেশদূষণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, সেন্টার ফর এটমস্ফেরিক পলিউশন স্টাডিজের চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বাটলেট, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান এবং সচিব মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা