ঢাকা | |

চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

আইপিএল শেষ চেন্নাইয়ের। গত আসরের চ্যাম্পিয়নরা এবার পাড়ি দিতে পারল না লিগ পর্বের গণ্ডি। অপেক্ষা বাড়ল সর্বোচ্চ শিরোপা
  • আপলোড সময় : ১৯ মে ২০২৪, সকাল ৮:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৪, সকাল ৮:৩২ সময়
চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু ছবি: সংগৃহীত

আইপিএল শেষ চেন্নাইয়ের। গত আসরের চ্যাম্পিয়নরা এবার পাড়ি দিতে পারল না লিগ পর্বের গণ্ডি। অপেক্ষা বাড়ল সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড এককভাবে দখলে নেয়ার। বিপরীতে যেন রূপকথার জন্ম দিলো বেঙ্গালুরু। অবিশ্বাস্য কীর্তি গড়ে পা রাখল প্লে অফে। বাঁচিয়ে রাখল প্রথমবার চ্যাম্পিয়ন হবার স্বপ্ন।

শনিবার নানা সমীকরণের ম্যাচে ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ২৭ রানের জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে কোহলির দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রানে থামে চেন্নাই। তাতেই বদলে যায় সব হিসেব-নিকেশ।

অথচ টানা ব্যর্থতায় বেঙ্গালুরুর প্লে-অফে খেলাটা প্রায় অসম্ভবে পরিণত হয়েছিল। অনেক 'যদি-কিন্তু'র ওপর ঝুলে ছিল সম্ভাবনাটা। তবে হাল ছাড়েনি কোহলি বাহিনী, প্রথম আট ম্যাচের সাতটিতে হেরে বসা দলটা প্লে-অফে ওঠার পথে জিতেছে টানা ৬ ম্যাচ! অবিশ্বাস্যই বটে।

কলকাতা, রাজস্থান আর হায়দরাবাদ আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলায় জায়গা বাকি ছিল একটিই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকিটের লড়াইয়েই ছিল চেন্নাই-বেঙ্গালুরু। চেন্নাইয়ের তুলনায় ২ পয়েন্ট কম থাকায় বেঙ্গালুরুকে আজ শুধু জিতলেই হতো না, রান রেটেও চোখ রাখতে হতো।

আগে ব্যাট করলে চেন্নাইকে হয়তো ১৮ রানে হারাতে হতো, নয়তো পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া হতো ১৮ ওভারে। আগে ব্যাট করে বেঙ্গালুরু ২১৮ রান করায় দ্বি শতকের আগেই আটকাতে হতো চেন্নাইকে। বিপরীতে ম্যাচ হারলেও কোনোরকমে ২০০ ছুতে পারলেই প্লে অফ নিশ্চিত হতো চেন্নাইয়ের।

এমতাবস্থায় নানা চড়াই উৎরাই পেরিয়ে প্লে অফে উঠার জন্য শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। প্রথম বলে ধোনি ছক্কা হাঁকালে যা পরিনত হয় ৫ বলে ১১ রানে। কিন্তু পরের বলেই ১৩ বলে ২৫ রান করা ধোনিকে আটকে দেন ইয়াশ দয়াল। সেখানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের আশা। জাদেযা-শার্দুল ঠাকুর মাঠে থাকলেএ কিছু করতে পারেননি।

জবাব দিতে নেমে প্রথম বলেই অধিনায়ক রুতুরাজের উইকেট হারায় চেন্নাই। ১৯ রানের মাথায় ড্যারেল মিচেলও (৪) বিদায় নেন। তবে আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ও আজিঙ্কা রাহানের ব্যাটে ঘুরে দাঁড়ায় চেন্নাই। এই জুটিতে ৬৬ রান যোগ হয়। দলীয় ৮৫ রানে রাহানে আউট হন ৩৩ রান করে।

চেন্নাই বিপদে পড়ে পরপর দুই ওভারে রাচিন রবীন্দ্র ও শিভম দুবের উইকেট হারালে। দলীয় ১১৫ রানে রবীন্দ্রকে হারায় চেন্নাই। ৩৭ বলে ৬১ রান করে রানআউট হয়ে যান তিনি। পরের ওভারে ১৫ বলে ৭ রান করা দুবেকে ফেরান গ্রিন। সান্টনারও পারেননি ৩ রানের বেশি করতে।

এরপর হাল ধরেন ধোনি ও জাদেযা। তাদের দারুণ ব্যাটিংয়ে প্লে-অফে জায়গা করে নিতে শেষ দুই ওভারে চেন্নাইয়ের দরকার হয় ৩৫ রান। ১৯তম ওভারে আসে ১৯ রান। তবে শেষ ওভারে মেলেনি আর সমীকরণ। ২২ বলে ৪২ রান করেন রাবিন্দ্র জাদেযা।

এর আগে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন বিরাট কোহলি। দলীয় ৭৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে ফেরার আগে ২৯ বলে ৪৭ রান করেন তিনি। তবে ফিফটি তুলে নেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ১৩তম ওভারে দলীয় ১১৩ রানের মাথায় বিদায় নেন তিনি ৩৯ বলে ৫৪ রান করে রানআউট হয়ে।

রজত পাতিদার-ক্যামেরুন গ্রিনরা জ্বলে উঠলে বড় সংগ্রহের দিকে হাঁটে বেঙ্গালুরু। দু'জনের জুটিতে আসে ২৮ বলে ৭১ রান। পাতিদার ২৩ বলে ৪১ করে আউট হলেও গ্রিন ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষের দিকে দীনেশ কার্তিক ৬ বলে ১৪ ও ম্যাক্সওয়েল ৫ বলে এনে দেন ১৬ রান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও

৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও