গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার আগ্রাসনে ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ‘সন্ত্রাসীর’ সংখ্যা ১৩ হাজার।
সোমবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ১৩ হাজার ‘সন্ত্রাসী’ রয়েছে বলে রোববার দাবি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একইসঙ্গে গাজার দক্ষিণাঞ্চলে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আর এটি এমন একটি পদক্ষেপ যাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং হামাস যোদ্ধাদের সংখ্যা আলাদা করে উল্লেখ করেনি। তবে তারা বলেছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশই নারী ও শিশু।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন