মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সাবেক সংসদ সদস্যর পাজেরো গাড়ি থেকে ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে (র্যাব-১২) সদস্যরা।
এ সময় সুজন হোসেন (২৯) নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস কনফারেন্সে এ কথা জানান র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন।
এর আগে, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকা থেকে সাবেক এক সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো গাড়িসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এখলাছপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।
এসময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো গাড়ি, ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৫ হাজার ২৩২ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক প্রয়াত এক বিশেষ রাজনৈতিক দলের সংসদ সদস্যের শুল্কমুক্ত পাজেরো জীপ গাড়িতে করে ৪৪২ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসায়।
চেকপোস্ট চলাকালীন একটি পাজেরো জীপগাড়ি আসতে দেখে গাড়িটিকে সংকেত দিয়ে থামানো হয়। এসময় গাড়িতে থাকা আসামিকে আটক করা হয়।
আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে, পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেন্সিডিল লুকানো আছে।
র্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তিনি ছাড়াও তার সঙ্গে আরও ব্যাক্তি জড়িত আছেন। এছাড়াও যে সাবেক সংসদ সদস্যের গাড়িটিতে মাদক পাচার হচ্ছিল সেই ব্যাক্তি মারা গেছেন।
তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য ছিলেন। গাড়িটি মাদক ব্যাবসায়ীর কাছে কিভাবে আসলো এবং কারা কারা এর সাথে জড়িত তা উদঘাটনের চেষ্টা চলছে।
প্রেস কনফারেন্সে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মো. গোলাম ফারুক, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) মো. উসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন