কুষ্টিয়ায় একই রাতে দুই গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দুর্বৃত্তরা জেলা জজের সরকারি বাসভবনের পাশাপাশি মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল ছুড়েছে। তবে দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার ২৮ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে দেয়। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ঘটনার সময় বাসভবনের নিরাপত্তায় চারজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার পর ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি কার্যালয়ের সামনে থাকা গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে জেলা জজের সরকারি বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন