চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় যাত্রীহীন একটি ট্রেনের বগিতে জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে রেলকর্মীদের দ্রুত তৎপরতায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। পরে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়ানহাটের ইয়ার্ড থেকে ট্রেনটি স্টেশনের দিকে আসার পথে কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন ধরিয়ে দেওয়া হয়। সৌভাগ্যক্রমে ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর রেলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্র জানায়, আগুন নেভানোর পর রাত পৌনে ১২টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনটি নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যায়। এদিকে ট্রেনের বগিতে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় পৌঁছান। তারা ট্রেনটি পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন