রাজধানীর আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান নামে ৬৫ বছর বয়সী এক সিএনজিচালক আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, আগারগাঁও পুলিশ বক্সের সামনে দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল সিএনজির ভেতরে বিস্ফোরিত হয়। এতে ককটেলের স্প্লিন্টার হাবিবুর রহমানের পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। পরে আহত অবস্থায় তিনি নিজ বাসায় চলে যান।
হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বদপাড়া এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়া এলাকায় বসবাস করেন। আহত সিএনজিচালকের ছেলে সুজন জানান, ঘটনার পর স্বজনেরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বর্তমানে হাবিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজিচালককে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন