ইরানের হুমকির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এখন সাধারণ আবাসন ছেড়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় মন্ত্রিসভার প্রায় অর্ধডজন সদস্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
জানা গেছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জেনারেলদের জন্য নির্ধারিত কঠোর নিরাপত্তাবেষ্টিত আবাসনগুলোতেই থাকছেন প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এসব এলাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত এবং নিরাপত্তাব্যবস্থাও তুলনামূলকভাবে কঠোর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ওয়াশিংটনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কাও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
নিরাপত্তার কারণে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জর্জটাউনের বাসভবন ছেড়ে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। তিনি জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার কারণেই তাকে বাসস্থান পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও নিরাপত্তার উদ্বেগে সম্প্রতি সামরিক আবাসনে উঠেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারও স্ত্রী ও সন্তানদের নিয়ে আগেই সামরিক আবাসনে চলে যান। তাদের আগের বাসভবনকে ঘিরে হুমকি, অনুসরণ এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে ফোর্ট ম্যাকনেয়ারের সামরিক আবাসন এলাকায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং স্টিফেন মিলার দম্পতিসহ প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পাশাপাশি বসবাস করছেন। তবে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক আবাসনের ভাড়া তারা ন্যায্য বাজারমূল্যে দিচ্ছেন কি না, তাদের সেখানে স্থানান্তরের যৌক্তিকতা এবং এর আইনি ভিত্তি কী—এসব বিষয় খতিয়ে দেখতে পেন্টাগনের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তার প্রয়োজনেই কর্মকর্তারা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। তবে দীর্ঘমেয়াদে এমন প্রবণতা বাড়লে সাধারণ মানুষের সঙ্গে বেসামরিক নেতাদের দূরত্ব আরও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাধারণ নাগরিকদের স্বাভাবিক যোগাযোগের ঐতিহ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ইরানের হুমকির প্রভাব শুধু নিরাপত্তাব্যবস্থায় নয়, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের জীবনযাপনেও বড় ধরনের পরিবর্তন আনছে।
সূত্র: সিএনএন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন