মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ছোড়া হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মাহমুদ। সংঘর্ষ শুরু হওয়ার পর আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। একের পর এক হাতবোমা বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুরের বিশেষ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তারা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের সংঘাত চান না। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মাহমুদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার দাবি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রাতের এই সংঘর্ষ ও বিপুলসংখ্যক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন