ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬’ উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় পাঁচ হাজার দৌড়প্রেমী। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রবেশপথ থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। তিনটি বিভাগে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথনের মাধ্যমে দৌড় শুরু হয়। এরপর সকাল সাড়ে ৫টায় ১০ কিলোমিটারের দৌড় অনুষ্ঠিত হয়। সবশেষে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, তিনটি ক্যাটাগরি মিলিয়ে প্রতিযোগীর সংখ্যা ছিল প্রায় পাঁচ হাজার। দৌড় শেষে অংশগ্রহণকারীদের হাতে মেডেল তুলে দেওয়া হয়। পরে প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত সেরা ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ আয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে র্যাফল ড্র অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ হাফ ম্যারাথনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন