দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পরও সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও অচল হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট। বৃহস্পতিবার থেকে সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে এই কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবি, গত দুই মাসেরও বেশি সময় ধরে তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও এখন পর্যন্ত চুয়েটের চলমান সংকট নিরসনে কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি।
তাদের অভিযোগ, সংকট দীর্ঘায়িত হওয়ায় শুধু একাডেমিক কার্যক্রম নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিলও বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। চুয়েটের বর্তমান সংকটের সূত্রপাত গত ২১ সেপ্টেম্বর। ওই সময় তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।
টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়েছিল। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হলো। ফলে বৃহস্পতিবার থেকে চুয়েটে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কতদিন বন্ধ থাকে এবং চলমান সংকটের সমাধানে কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়—এখন সেদিকেই নজর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন