শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান কি আরও স্পষ্ট হয়ে গেল? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৈধ ভ্রমণ নথি থাকলে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। তবে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য থেকে তাঁর ধারণা, মৃত্যুদণ্ড কার্যকরের উদ্দেশ্যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তবে ভারতের পক্ষ থেকে এখনো এমন কোনো সরাসরি ঘোষণা দেওয়া হয়নি যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না। বরং রণধীর জয়সওয়াল বলেছেন, স্বেচ্ছায় নিজ দেশে ফেরা এবং কোনো দেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ—দুটি আলাদা বিষয়।
তিনি আরও জানান, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ করা হয়েছে, ভারত সেটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখন দুটি ভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। একজন ব্যক্তি বৈধ ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারেন—এটি এক বিষয়। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণের মাধ্যমে তাকে ফেরত চাওয়া সম্পূর্ণ আলাদা একটি প্রক্রিয়া।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের পর্যালোচনা শেষে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে কী সিদ্ধান্ত আসে। আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কতটা খুলবে বা বন্ধ করবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন