সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে সার বিতরণব্যবস্থায় পরিবর্তন এনে কৃষকদের ভোগান্তি কমানোর উদ্যোগের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য অভিযোগ করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সার ও বীজ বিক্রির ডিলার নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি এবং অযোগ্য ব্যক্তিদের নিয়োগের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এতে কৃষকদেরও নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চান তিনি। জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া আরও যুগোপযোগী করতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে বিবেচিত হবেন। ফলে বিসিআইসি ও বিএডিসি ডিলার নামে আলাদা কোনো বিভাজন থাকবে না। প্রধানমন্ত্রী আরও জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে নিয়ম অনুযায়ী ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন।
তিনি বলেন, কৃষকদের কাছে নিরবচ্ছিন্নভাবে সার পৌঁছে দেওয়া এবং বিতরণব্যবস্থা আরও কার্যকর করতেই সমন্বিত নীতিমালা প্রবর্তন ও হালনাগাদ করা হয়েছে। তবে নতুন নীতিমালা চালুর পাশাপাশি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংসদে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন