গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা জানান, খালেক বাজারে কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় তাদের দুই থেকে তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। মোক্তার হোসেনের অভিযোগ, মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।
এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানিয়েছেন, বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে ঘটনার পর এলাকার সার্বিক পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন