রাজস্ব আদায়ে ঘাটতি কমাতে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম কর সংগ্রহের প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় প্রতি হাজার টাকায় দুই টাকা করে অগ্রিম কর আদায়ের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি বিভাগ ইতোমধ্যে অ্যাপটির উন্নয়নকাজ শুরু করেছে। আগামী জানুয়ারি থেকে এটি ব্যবহারের উপযোগী হতে পারে।এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২ শতাংশ অগ্রিম কর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি এক হাজার টাকার পণ্য সরবরাহের বিপরীতে দুই টাকা কর আগাম আদায় করা হবে। বাজেটে আগে থেকেই এ বিধান থাকলেও এবার তা কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
প্রথম পর্যায়ে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশকদের মাধ্যমে এই কর সংগ্রহ করা হবে। এ কাজে পরিবেশকদের নির্ধারিত অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটির মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির তথ্য সংরক্ষণ, বিক্রির রসিদ দেওয়া, স্বয়ংক্রিয়ভাবে ই-ইনভয়েস তৈরি এবং পণ্যের দাম গ্রহণ করা যাবে।মাস শেষে পরিবেশকেরা তাঁদের মোট বিক্রির হিসাব অনুযায়ী প্রতি হাজারে দুই টাকা হারে অগ্রিম কর সরকারি কোষাগারে জমা দেবেন। যদিও কর দেওয়ার দায়িত্ব খুচরা বিক্রেতাদের, তবে পরিবেশকেরাই তাঁদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সরকারি হিসাবে জমা করবেন। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কর পরিশোধের সুযোগ রাখা হচ্ছে।
এনবিআর সূত্রে আরও জানা গেছে, শুরুতে অ্যাপটি শুধু পরিবেশকদের ব্যবহারের জন্য চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব পাইকারি ব্যবসায়ীর জন্যও এটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন পদ্ধতিটি সম্পূর্ণভাবে কার্যকর হলে বিপুলসংখ্যক খুচরা ব্যবসা অগ্রিম করের আওতায় আসবে। তবে এনবিআরের এই উদ্যোগের পাশাপাশি চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই বড় অঙ্কের ঘাটতি কমাতে করের আওতা সম্প্রসারণের অংশ হিসেবে নতুন উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন