গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) ভোর ও সন্ধ্যায় পৃথক সময়ে চন্দ্রা ফরেস্ট অফিস এবং কাজলী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকাগামী আজমেরী পরিবহনের বাস দুটি সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন। বাস দুটি বেশ কয়েক মাস ধরে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চন্দ্রা এলাকার কাজলী ফিলিং স্টেশনের পাশে মহাসড়কের ধারে রাখা দ্বিতীয় বাসটিতেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুটি বাসে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই ব্যক্তির মালিকানাধীন বাস দুটি প্রায় দুই থেকে তিন মাস ধরে সেখানে পড়ে ছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাস দুটিতে আগুন দিয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন