দীর্ঘ ২১ বছরের পরিচিত দৃশ্যের অবসান। লিওনেল মেসিকে ছাড়াই প্রথমবারের মতো জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকাকে বাইরে রেখে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনা করছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।
২০০৫ সালে আর্জেন্টিনার আকাশি-নীল জার্সিতে অভিষেকের পর থেকে টানা দুই দশক দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা ছিলেন মেসি। তাঁর নেতৃত্বেই দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ফলে মেসিকে ছাড়া নতুন দল ঘোষণা দেশটির ফুটবলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে দলটি। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।
ঘোষিত দলে নতুন ও তরুণ ফুটবলারদের সুযোগ দিয়েছেন স্ক্যালোনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ২১ বছর বয়সী রক্ষণভাগের খেলোয়াড় অ্যারন আনসেলমিনো। এ ছাড়া দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল ও মারিয়ানো ত্রোইলো। সুযোগ পেয়েছেন আগুস্তিন জিয়াই এবং ফ্লাকো লোপেজও।
তবে মেসির দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো এবার জায়গা পাননি ঘোষিত দলে। গোলরক্ষক হিসেবে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান। রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ। মাঝমাঠে থাকছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও এজেকুয়েল পালাসিওসের মতো পরিচিত মুখ। তাঁদের সঙ্গে সুযোগ পেয়েছেন নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগে নেতৃত্ব দেবেন হুলিয়ান আলভারেজ। তাঁর সঙ্গে রয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও সান্তিয়াগো কাস্ত্রো। মেসিকে ছাড়া আর্জেন্টিনার এই দল ঘোষণা শুধু একটি স্কোয়াড পরিবর্তন নয়, বরং নতুন প্রজন্মকে সামনে রেখে ভবিষ্যতের দল গড়ার পরিকল্পনারও ইঙ্গিত। এখন দেখার বিষয়, দুই প্রীতি ম্যাচে নতুন খেলোয়াড়েরা নিজেদের কতটা প্রমাণ করতে পারেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন