ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয়

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের রথ থামিয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০ সময়
রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয়

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের রথ থামিয়ে দিয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। অন্য গোলটি করে নতুন ইতিহাস গড়েছেন তরুণ স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল।


মঙ্গলবার (৩ নভেম্বর) স্পেনের ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। স্বাগতিকদের দ্রুতগতির আক্রমণ সামলাতে গিয়ে শুরুতেই চাপে পড়ে অ্যাস্টন ভিলা। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের রক্ষণভাগ থেকে বল সরাতে গিয়ে ভুল পাস দেন ভিলার জোয়াও গোমেস। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান লামিনে ইয়ামাল। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন তিনি।


এ পর্যন্ত প্রতিযোগিতাটিতে ইয়ামালের গোলসংখ্যা ১৪। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে, যিনি কিশোর বয়সে চ্যাম্পিয়নস লিগে ১৩টি গোল করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর্লিং হলান্ড, তাঁর গোলসংখ্যা ১০। প্রথমার্ধে গোল শোধের জন্য বেশ কয়েকবার আক্রমণে যায় অ্যাস্টন ভিলা। তবে বার্সেলোনার রক্ষণ ও গোলরক্ষক গার্সিয়ার দৃঢ়তায় সফল হতে পারেনি তারা।


বিরতির পর মাঠে ফিরেই আক্রমণের গতি বাড়ায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও বার্সেলোনার নিয়ন্ত্রণ ভাঙতে পারেনি ভিলা। ম্যাচের শেষ দিকে জোয়াও কানসেলোর অসাধারণ ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ১৯তম গোল। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।


এই জয়ের ফলে আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করল দলটি। তবে ম্যাচটিতে ছিল শোকের আবহও। স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে সংঘর্ষের পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগে বাজানো হয়নি চ্যাম্পিয়নস লিগের ঐতিহ্যবাহী সংগীত।


ম্যাচ শেষে রাফিনহাও প্রয়াত ফুটবলারের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এই জয় সমর্থকদের উৎসর্গ করতে চান, তবে এমন শোকের দিনে ফুটবল নিয়ে কথা বলতে চান না। সব মিলিয়ে একদিকে রাফিনহার জোড়া গোল, অন্যদিকে ইয়ামালের নতুন রেকর্ড—দুই তারকার অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়নস লিগে বড় জয় তুলে নিয়ে নিজেদের শক্তির জানান দিল বার্সেলোনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী