২৩ সেপ্টেম্বর ঘিরে অনেকের মধ্যেই ছুটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য কি দিনটি ছুটি? আসলে নিয়মটা ভিন্ন। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার সারা দেশে পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। এ উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এদিন ছুটি পাবেন।
তবে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। সরকারি ছুটির ক্যালেন্ডারে ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি হিসেবে রয়েছে। তাই সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এদিকে পিটিআইগুলোর ছুটির তারিখেও পরিবর্তন আনা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির অধীন ডিপিএড বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পালন করা হবে।
অন্যদিকে ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্যও ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। এসব প্রতিষ্ঠানে কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী চলবে। অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য এটি সাধারণ ছুটির দিন নয়। সরকারি চাকরিজীবীরা অনুমোদন সাপেক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন, আর বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে কি না, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন