ঢাকা | |

সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, শীর্ষ কর্মকর্তাদের বেতন দ্বিগুণ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় পরিবর্তন নিয়ে এলো নতুন বেতন কাঠামো। কোনো কোনো গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হয়েছে,
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৮ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩৮ সময়
সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, শীর্ষ কর্মকর্তাদের বেতন দ্বিগুণ

সরকারি চাকরিজীবীদের জন্য বড় পরিবর্তন নিয়ে এলো নতুন বেতন কাঠামো। কোনো কোনো গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ হয়েছে, আবার নিচের গ্রেডগুলোতে বেড়েছে একশ শতাংশেরও বেশি। মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে ২০তম গ্রেডের কর্মচারী—নতুন বেতন কাঠামোয় সবার মূল বেতনেই এসেছে বড় পরিবর্তন। শনিবার অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে। এতে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতনও নির্ধারণ করা হয়েছে।


নতুন কাঠামোয় ১ থেকে ১১ নম্বর গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। আর ১২ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধির হার ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। অর্থাৎ এসব পদের মূল বেতন দ্বিগুণ হয়েছে। সিনিয়র সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন ৮২ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।


এবার গ্রেডভিত্তিক বেতনে আসা যাক। গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার এবং গ্রেড-৪-এ ৫০ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ টাকা।


গ্রেড-৫-এর বেতন ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা। গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, গ্রেড-৭-এ ২৯ হাজার থেকে ৫৮ হাজার এবং গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা করা হয়েছে।


গ্রেড-৯-এর প্রারম্ভিক বেতন ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার এবং গ্রেড-১০-এর ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। গ্রেড-১১-এর বেতন ১২ হাজার ৫০০ থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।


এবার নিচের গ্রেডগুলোতেও এসেছে বড় পরিবর্তন। গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে বেড়ে ২৪ হাজার ৩০০, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে ২৪ হাজার, গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ এবং গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০ টাকা হয়েছে।


গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে বেড়ে ২১ হাজার ৯০০, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ এবং সর্বশেষ গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।


অর্থাৎ নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতনে এসেছে বড় ধরনের পরিবর্তন। এখন নতুন বেতন আদেশ বাস্তবায়নের মাধ্যমে এই পরিবর্তনের প্রভাব ধাপে ধাপে কার্যকর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়

ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিনের বেশি বকেয়া হলে ইডিএফ ঋণ নয়