মক্কার আকাশে ড্রোন হামলার চেষ্টার খবর—এর মধ্যেই পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও শান্তির জন্য বিশেষ দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী আলোচক ও দায়ী মাওলানা তারিক জামিল। বিষয়টি ঘিরে যখন উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই হারামাইন শরিফাইনের নিরাপত্তা নিয়ে তার এই দোয়া নতুন করে সবার নজর কেড়েছে। মাওলানা তারিক জামিল নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পবিত্র কাবা শরিফ, মসজিদে নববী এবং হারামাইন শরিফাইনের পুরো এলাকা সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
দোয়ায় তিনি বলেন, হে আল্লাহ, আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং দুই পবিত্র মসজিদের পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন। তিনি আরও প্রার্থনা করেন, হারামাইন শরিফাইন যেন সবসময় শান্তি ও নিরাপত্তার কেন্দ্র হয়ে থাকে। এসব পবিত্র স্থানের নিরাপত্তা মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, এই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা মুসলমানদের কাছে নিজেদের জীবনের চেয়েও বেশি প্রিয়।
দোয়ার শেষে মাওলানা তারিক জামিল মহান আল্লাহর কাছে হারামাইন শরিফাইনের ওপর সবসময় রহমত ও অনুগ্রহ রাখার আবেদন করেন। এরপর বিশ্বজগতের প্রতিপালকের কাছে নিজের দোয়া কবুলের প্রার্থনা জানিয়ে বলেন—আমিন। এদিকে মক্কার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সৌদি আরবের একটি দাবিকে কেন্দ্র করে। সৌদি আরব জানিয়েছে, ইয়েমেনের হুথিরা পবিত্র মক্কার আকাশসীমার দিকে একটি ড্রোন পাঠানোর চেষ্টা করেছিল। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ড্রোনটি মক্কার আকাশসীমায় পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়।
সৌদি আরবের অভিযোগ অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে মক্কার দিকে ড্রোনটি পাঠানো হয়েছিল। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের দাবিকে ‘ঘৃণ্য মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, মক্কায় হামলার এমন অভিযোগ আগেও করা হয়েছে এবং এবারও এই ধরনের দাবি মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। ফলে মক্কার আকাশসীমায় ড্রোন পাঠানোর অভিযোগ নিয়ে সৌদি আরব ও হুথিদের বক্তব্যে তৈরি হয়েছে স্পষ্ট বিরোধ। আর এই পরিস্থিতির মধ্যেই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের বিশেষ দোয়া মুসলিমদের মধ্যে আলাদা গুরুত্ব পেয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন